খুলনা রেলওয়ে স্টেশন থেকে চলন্ত ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে হাত ফসকে মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অধ্যাপক মিজানুর রহমান (৬৬)। আজ শনিবার ভোর সাড়ে ৬টায় খুলনা রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। অধ্যাপক মিজানুর রহমান খুবির সয়েল, ওয়াটার, এনভায়রনমেন্ট ডিসিপ্লিন থেকে গত জানুয়ারি মাসে অবসর নিয়েছেন।
খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বেনাপোলগামী কমিউটার ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিলে তিনি স্টেশনে আসেন। চলন্ত ট্রেনে দ্রুত উঠতে গিয়ে হাত ফসকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে রেলওয়ে পুলিশ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে তিনি মর্নিং ওয়াকে বের হন। আজ শনিবার বন্ধুদের সাথে কমিউটার ট্রেনে যশোর ঝিকরগাছায় ফুল বাগান দেখতে যাওয়ার কথা ছিলে তার। বন্ধুরা সবাই আগেই পৌঁছে গেলেও তিনি দেরি করে ফেলেন। ট্রেন ছেড়ে দিলে দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি দৌড়ে ট্রেনে উঠেও পড়েছিলেন। তবে তিনি বেশ ক্লান্ত ছিলেন। তাই ট্রেনে ওঠার পর দরজার হাতল ধরে রাখতে পারেননি।










