বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার করা নিষিদ্ধ ছিল, তাহলে গণহত্যাকারী শেখ হাসিনার ছবি ও ভিডিও কোনো টিভি চ্যানেল বা পত্রিকা প্রকাশ করলে সে টিভি চ্যানেল ও পত্রিকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হবে। 

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদ ও শেখ হাসিনার বিচার দাবিতে নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলটির আলাইপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচিতে দুলু বলেন, গণহত্যার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা হলে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। এজন্য গণহত্যার দায়ে তার বিচার দাবি করছি।