বিচারপ্রার্থী এবং ব্রেস্ট ফিডিংয়ের জন্য বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন বিচারপতি আকরাম হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফ উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান প্রমুখ।

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি পুরো একতলা ভবন পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বিচারপ্রার্থীদের বিষয়টি অনুধাবন করে সারা দেশে ন্যায়কুঞ্জ স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দেশের সব আদালতে এ ধরনের ন্যায়কুঞ্জ স্থাপনের সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত মোতাবেক বরিশাল আদালত প্রাঙ্গনে ৪৬ লাখ টাকা ব্যয়ে ৮শ স্কয়ার ফুট জায়গায় একতলা ভবন নির্মাণ করা হয়। ভবনের বড় পরিসরে রয়েছে অর্ধশতাধিক ব্যক্তিদের বসার স্থান এবং অপর কক্ষে চারজন মা একসঙ্গে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারবেন। কক্ষের ভেতর একটি টি-স্টল এবং নারী ও পুরুষের জন্য পৃথক ওয়াশব্লক রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফার্নিচার চলে এলে আগামী সপ্তাহে বিচারপ্রার্থীরা ন্যায়কুঞ্জ ব্যবহার করতে পারবেন।