দেশের পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, বর্জ্যকে কেবল দূষণ হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একে সম্পদে রূপান্তর করতে হবে। আর এর মাধ্যমেই দেশে সমৃদ্ধি আসবে।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানে রেঁনেসা হোটেলে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড (বিপিসিএল) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে পরিবেশ দূষণ রোধে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে উদ্ভাবনী সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, আমাদের লক্ষ্য বায়ু বা পানি দূষণ কমানোর পাশাপাশি কঠিন বর্জ্যকে সম্পদে রূপান্তর করা। প্লাস্টিক দূষণ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেবল আইন করে বা প্লাস্টিক নিষিদ্ধ করে এটি বন্ধ করা সম্ভব নয়। অনেক নিয়ম কাগজে থাকলেও সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। তাই সময় এসেছে উদ্ভাবনী উপায়ে প্লাস্টিকসহ অন্য বর্জ্যকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা।

আব্দুল আউয়াল মিন্টু 1

বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি বলেন, সরকার বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা চাই বর্জ্য থেকে জ্বালানি বা জৈব সার উৎপাদন করে নতুন সম্পদ সৃষ্টি করতে।

আমদানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন বৈদেশিক নির্ভরতা কমিয়ে স্থানীয় কাঁচামালের ব্যবহার বাড়াতে হবে। বর্জ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নিজেদের সমাজেই সম্পদ তৈরি করা সম্ভব। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় যেকোনো ইতিবাচক উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ) ড. ফাহমিদা খানম, ইউনাইটেড ন্যাশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালীধরন, বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাদেম মাহমুদ ইউসুফসহ খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।