মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গত ২৮ ফেব্রুয়ারি অঞ্চলটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত ৫ দিন তারা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছিলেন। আজ একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে ক্রুদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
ফ্লাইট ক্রুরা বিদেশে আটকে পড়ায় তাদের পরিবার-পরিজন চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছিলেন। ইউএস-বাংলা এয়ারলাইনস সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তাদের দেশে ফিরিয়ে এনে পরিবারের সদস্যদেরও উদ্বেগ থেকে মুক্ত করেছে।
সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে তারা দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
এর মধ্যে আজ একটি ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার (৬ মার্চ) সকালে আরেকটি ফ্লাইট ঢাকায় অবতরণ করবে।
বিশেষ এ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছে। —বিজ্ঞপ্তি










