ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, ‘নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, তা পূরণ করব।’ গতকাল ফরিদপুর সদর আসনে হা-মীম গ্রুপের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নে ১ হাজার পরিবার এবং ফরিদপুর পৌরসভার ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে ৬০০ কম্বল বিতরণ করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, ‘সন্ত্রাসের কাছে ফরিদপুরের মানুষ এতদিন ছিল অসহায়ের মতো। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। এ বিজয় আমার একার নয়, এ বিজয় আপনাদের সকলের।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ। ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলিল শেখের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুজ্জামান মিলন পাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল প্রমুখ।










