কুষ্টিয়ার দৌলতপুরে হারিবুর রহমান ওরফে
হাসিব মেম্বর নামে এক ইউপি সদস্যকে নিজ পরিষদ থেকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ
পাওয়া গেছে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। রোববার
(১৭ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ইউনিয়ন পরিষদের
কার্যালয় থেকে সাদা পোশাক পরিহিত ডিবি পরিচয়ে ৬-৭ জন তাকে নিয়ে যায়। তবে ডিবি পুলিশ
বলছে হাসিব নামে কাউকে তারা আটক বা উঠিয়ে নিয়ে যাননি।
হাসিব মেম্বরের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা
জানান, ঈদকে সামনে রেখে দুস্থদের মাঝে চাল বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। সে কারণে হাসিব
মেম্বর রোববার সারাদিনই ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন। বিকাল ৫টার দিকে ৩টি মোটরসাইকেল
যোগে ৬-৭ জন হাসিব মেম্বরের খোঁজে পরিষদে যান। তারা ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন এবং
পাশের একটি বাজারে তাদের অফিসার বসে আছেন বলে হাসিব মেম্বরকে নিয়ে যান। পরে তিনি আর ফিরে আসেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী মথুরাপুর ইউনিয়ন
পরিষদের সচিব আব্দুস সালাম বলেন, ডিবি পুলিশের পরিচয় দিয়ে অফিসারের সঙ্গে কথা বলার
নাম করে তাকে ৬-৭ জন তুলে নিয়ে যায়।
হাসিব মেম্বরের স্ত্রী উর্মি খাতুন
বলেন, হাসিব মেম্বরকে ডিবি পুলিশের পরিচয়ে পরিষদ থেকে তুলে নিয়ে গেছে। অনেকেই এ ঘটনার
সাক্ষী আছে।
হাসিব মেম্বরের চাচা মোশারফ হোসেন বলেন,
হাসিব মেম্বর তিনি পরপর ৩ বার নির্বাচিত ইউপি সদস্য। তাকে ঘায়েল করার জন্য নানা ষড়যন্ত্র
করা হচ্ছে।
কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বির
আহমেদ বলেন, ডিবি পুলিশের সদস্যরা হাসিব মেম্বর
নামে কাউকে ধরে নিয়ে যাননি। দৌলতপুর থানার
ওসি মজিবুর রহমান জানান, হাসিব মেম্বর নামে কাউকে তারা আটক করেননি।










