চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা এলাকার ভূঁইয়া বাড়িতে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতরা হলো আব্দুর রহমান ফাহিম (৭) ও ফাহিমা আক্তার (১৬)। তারা ওই বাড়ির মৃত মো. শাহজাহান ভূঁইয়ার ছেলেমেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফাহিম ঘরের অদূরে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় বড়বোন ফাহিমা তাকে বাঁচাতে এগিয়ে এলে সেও ওই তারে জড়িয়ে যায়। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন জানান, শিশু দুটিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
বাড়ির বাসিন্দা মোরশেদ জানান, ফাহিম বিদ্যুতের তারে জড়ালে ফাহিমা তাকে উদ্ধার করতে এসে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত। তাদের অন্য ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান বলেন, ‘আমরা তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত পেয়েছি। তাদের পরিবার জানিয়েছে, তারা বিদ্যুতায়িত হয়েছে।’
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।










