দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় দিনাজপুর, চট্টগ্রাম, ফরিদপুর, সিরাজগঞ্জ ও মেহেরপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের চাপায় শাহাদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কানাগাড়ি বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম: হাটহাজারীর ফরহাদাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ কাঞ্চন (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মুছাবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন ফটিকছড়ির ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের হাজিরখীল শাহ আমানত পাড়ার মো. জালালের ছেলে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ফরিদপুর: জেলার ভাঙ্গায় কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধু উল্লাহ মিয়া (৪০) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু উল্লাহ মিয়া চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের বাসিন্দা। তিনি ফল ব্যবসায়ী ও পিকআপের মালিক ছিলেন।
সিরাজগঞ্জ: শাহজাদপুরে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত সাবিনা খাতুন পার্শ্ববর্তী কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মেহেরপুর: গাংনীতে ট্রাক্টরচাপায় মো. শিহাব (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া কবরস্থানপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিহাব মানিকদিয়া কবরস্থানপাড়ার কৃষক ওসমান গনির ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।










