ধানমণ্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বৃহস্পতিবার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন কালে গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং ডাক্তারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। এসময় হাসপাতালের ডকুমেন্টশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কিনা দেখতে প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করেন তিনি।

আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্যব্যবস্থা আমি নিজে সরজমিনে দেখব। সেটার অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। আজ সকালেও আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি। গতকালও আমি তিনটা হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাব এইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। এক্ষেত্রে আমার যা পর্যবেক্ষণ তা হচ্ছে, উনাদেরকে আরো যত্নশীল হতে হবে। উনাদের কে যেটা করতে হবে সেটা হচ্ছে, পরিমাণ না বাড়িয়ে গুণগত মানের দিকে নজর দিতে হবে। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি এসব একসাথে ৭০টা না করে, সংখ্যায় কম হলেও মানসম্মত ভাবে করতে হবে।  

স্বাস্থ্যমন্ত্রী ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিক্যাল চেক আপ রুম, এন্ডোসকপি ও কলোনস্কপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন। তাছাড়া রেডিওলজিস্টসহ মেডিকেল কনসালটেন্টদের সঙ্গে চিকিৎসা সেবা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন মন্ত্রী। হাসপাতালে আগত রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। 

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, প্রতিটি বড় হাসপাতালে যেন দরিদ্র রোগীদের জন্য একটা পার্সেন্টেজ থাকে। যাতে দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা সেবা নেয়াটা সম্ভব হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না। কারণ, মানুষের জীবন একটাই।একবার চলে গেলে আর আসে না। 

মন্ত্রী বলেন, হাসপাতালগুলোর ডকুমেন্টশন ব্যবস্থা ভালো হতে হবে। ঠিকমতো রোগীর ডকুমেন্টশন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে সেটা সমাধান করা সহজ হয়। 

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, আমার একটাই কথা- গুণগত মানসম্পন্ন চিকিৎসা চাই, সংখ্যাগত বৃদ্ধি নয়। 

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ও রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। 

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।