কালুরঘাট নতুন সেতু থেকে পতেঙ্গা পর্যন্ত সড়কটি চট্টগ্রাম নগরীর অভ্যন্তরের প্রধান সড়ক হিসেবে পরিচিত। এ সড়কের টাইগারপাস ও দেওয়ানহাটের মাঝখানে রয়েছে একটি ওভারপাস। প্রায় দুই দশক আগে ওভারপাসটির মেয়াদ শেষ হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে নগরীর যানবাহন। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওভারপাসটি কয়েক দফা সংস্কার করলেও প্রতিনিয়ত যানবাহন চলাচল করা বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। যার কারণে ওভারপাসটিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা।

সিডিএ ও চসিকের তথ্যমতে, চট্টগ্রাম নগরীর অভ্যন্তরের যাতায়াতের প্রধান সড়ক ধরা হয় কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার সড়কটিকে। এ সড়কের মাঝামাঝিতে দেওয়ানহাট ও টাইগারপাস পর্যন্ত আধা কিলোমিটার ওভারপাসটি দেওয়ানহাট সেতু নামে পরিচিত। এর মূল কাঠামোর নির্মাণকাজ শুরু হয় ষাটের দশকে। পরে আশির দশকের শুরুতেই ওভারপাসটি সংস্কার করা হয়। সংস্কারের পরে সে সময়ে এর মেয়াদ ধরা হয় প্রায় ২০ বছর। অর্থাৎ দেওয়ানহাটের এ ওভারপাসটির মেয়াদ ফুরিয়ে গেছে অন্তত দুই দশক আগে।

সরেজমিন দেওয়ানহাট সেতু এলাকা পরিদর্শনে দেখা যায়, প্রায় আধা কিলোমাটার দীর্ঘ ওভারপাসটি চার লেনের। ওভারপাসটির বেশকিছু স্থানে ভাঙাচোরা। কিছুদিন পরপর সংস্কার করলেও কয়েকদিন পরেই আবার আগের অবস্থায় ফিরে যায়। এদিকে ওভারপাসটির পিলারগুলোর প্লাস্টার ভেঙে ভেতর থেকে লোহার রড বের হয়ে আছে। ওপরের অংশে গার্ডারের প্লাস্টারও ভেঙে গেছে কয়েক জায়গায়। এমনকি লোহার রডগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ক্রসগার্ডারে দেখা গেছে ছোট-বড় ফাটল। দেওয়ানহাট সেতুর নিচের অংশেই রয়েছে চট্টগ্রাম রেলস্টেশনের সংযোগ লাইন।

নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, নগরীর দুই প্রান্তের সংযোগ ঘটিয়েছে এ দেওয়ানহাট ওভারপাস। ৫০ বছরের বেশি বয়স হয়ে যাওয়ায় ওভারপাসটির মেয়াদ চলে গেছে অনেক আগে। আগে কাজের মান খুব ভালো থাকায় মেয়াদ চলে যাওয়ার পরও ওভারপাসটি টিকে থাকলেও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বারবার সংস্কারের কারণে ওভারপাসটির ওজন বেড়ে গিয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি।

নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী সুভাষ বড়ুয়া বণিক বার্তাকে বলেন, চট্টগ্রামের প্রধান সমস্যা হচ্ছে একমুখী সড়ক ব্যবস্থা। মাস্টার প্ল্যান অনুযায়ী এ ওভারপাসের বিকল্প নিয়ে প্রস্তাব আগে থেকেই ছিল। কিন্তু এ ওভারপাস নিয়ে কোনো পরিকল্পনা নেই। এখন কোনো কারণে যদি ওভারপাসটির সমস্যা হয়, তখন এ রুটের গাড়ি কোন রুটে চলাচল করবে। সেটা নিয়ে কারো কোনো পরিকল্পনা নেই।

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, দেওয়ানহাট ওভারপাসটি স্বাধীনতার আগে করা হলেও মেয়াদ এখনো আছে। ওভারপাসটির বড় ধরনের সংস্কার প্রয়োজন। তবে ওভারপাসটি একেবারেই অকেজো হয়ে গেছে সেটা বলা যাবে না। আমরা সড়কের কার্পেটিংসহ বিভিন্ন সংস্কারকাজ করছি। বিষয়টি নিয়ে চসিক মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে জরুরি ভিত্তিতে পরিকল্পনা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।