স্বাধীনতার ৫০ বছরেও কুমিল্লার নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা হয়নি।
এতে প্রতিনিয়ত আগুনে পুড়ে সর্বস্ব হারাচ্ছে উপজেলাবাসী। সহায়-সম্বল আগুনে পুড়লেও ফায়ার সার্ভিসের সেবা মিলছে না। একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নাঙ্গলকোটবাসী।
গত বুধবার রাত ৩টার দিকে নাঙ্গলকোট বাজার রেলগেট এলাকায় তিন ব্যবসায়ীর সব মাল ও নগদ প্রায় সাত লাখ টাকা আগুনে পুড়ে গেছে। ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ২০ কিলোমিটার দূরে পাশের উপজেলা লাকসাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মালিকনাধীন ওয়ালটন শোরুম, আমির হোসেনের মালিকানাধীন রাজিয়া ক্রোকারিজ, নেছার উদ্দিনের ওয়ান টু নাইনটি নাইন নামের ভ্যারাইটিজ স্টোর পুড়ে যায়।










