আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরবর্তী সব কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।

আজ সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার এখন উপযোগী সময় নয়। এ ধরনের রিট এ সময়ে গ্রহণযোগ্য নয়।

রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, আদালতের মনোভাব বুঝতে পেরে জাতির বৃহত্তর স্বার্থে আমি রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে নিয়েছি। এ রিট মামলাটি চালাব না।

এর আগে গত বুধবার বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেন। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি-ইউএনও নিয়োগ না দিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দিতে রুল ও নির্দেশনা চাওয়া হয়। আর প্রাথমিক শুনানির পর হাইকোর্ট যদি রুল জারি করেন, তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সমস্ত কার্যক্রম স্থগিত চাওয়া হয়।