গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের
আঘাতে ইজাফর আলী (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের
ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
নেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নিহতের ভাই আজাফর আলী বলেন, রোববার (৩ মার্চ)
রাত ১১ টায় ভূরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় তিন-চারজন
যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। তিনি বিষয়টি বাড়িতে গিয়ে তার ভাই ইজাফর আলী ও
ভাতিজা ইসমাইলকে জানান। এ সময় তারা লাঠি সোটা নিয়ে পাশের একটি স্কুলের সামনে গেলে
অভিযুক্ত যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায়। তাদের হামলায় তিনিসহ ভাই ইজাফর
ও ভাতিজা ইসমাইল গুরুতর আহত হন। পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন
আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজাফর আলী মারা
যান।
আজাফর আলী আরো বলেন, তাদের সঙ্গে কারো বিরোধ নেই। কেন অভিযুক্তরা
হামলা চালিয়েছে বুঝতে পারছি না।
নিহত ইজাফর আলী ভুরুলিয়া এলাকার হাজী সলিম উদ্দিনের ছেলে।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। কী কারণে হামলা হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা নেয়া হবে।










