আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আন্তোয়নেট মনসিও সায়েহ পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন আজ শনিবার (১৪ জানুয়ারি)। বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈশ্বিক মন্দা এবং অন্যান্য পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে আইএমএফ সদর দপ্তরে রিপোর্ট করবেন তিনি। তার প্রতিবেদনের ভিত্তিতে ঋণের বিষয়টি চূড়ান্ত করা হবে।

অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে সরকার আইএমএফের সঙ্গে ঋণ নিয়ে একটি নীতিগত চুক্তিতে পৌঁছেছে। তাদের কিছু শর্ত এরই মধ্যে কার্যকর করা হয়েছে। আরো কিছু শর্ত বাস্তবায়নের জন্য সময় চাওয়া হবে।

আইএমএফের এ কর্মকর্তা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। আগামী ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও এ সফরে তিনি অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ১৮ জানুয়ারি পর্যন্ত তার ঢাকায় থাকার কথা রয়েছে।