নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাদুরচরে গতকাল দুপুরে আস্থা ফিড ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
সেনাপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলেন বলেই আমি আজ সম্মানিত হতে পেরেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই।’
সেনাপ্রধান আরো বলেন, ‘সেনাবাহিনী সবসময় দেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেনাপ্রধান হিসেবে আমাদের ওয়েলফেয়ারের মাধ্যমে পরিচালিত অনেক ব্যবসার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। এর ফলে আমি বুঝতে পারি ব্যবসায়ীরা এ দেশের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’
আস্থা ফিডের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন শিল্প গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয়রা।










