ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে আজ শুক্রবার সকালে মহাসড়কে পরিবহন চলাচলে ধীরগতি দেখা গেছে। ফলে বিপাকে পড়েছেন কাঁচামাল পরিবহনের চালকরা। মহাসড়কে দুর্ঘটনা ও পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করছে কৃর্তপক্ষ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাত প্রায় ১টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোড সংলগ্ন এলাকায় একটি পরিবহনের পেছনে আরেকটি ধাক্কা লাগার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করে থানায় পাঠিয়ে দেয়া হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত হারুন অর রশিদ জানান, সকালে ডিউটিতে আসার পরই যানজট দেখা গেছে। তবে কী কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে সেটা বলা যাচ্ছে না।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চলাচল লেনে ট্রাক প্রবেশ করায় যানজট হতে পারে। মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সেতু থানার অধীন।
এ বিষয়ে বঙ্গবন্ধু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গে মোবাইল বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।










