মাদারীপুরে অটোভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় সরজ আলী (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালক বোরহান হাওলাদার। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরজ আলী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া গ্রামের বাসিন্দা। তিনি ঘটকচর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটকচর থেকে একটি অটোভ্যান নিয়ে পাইকারি কাঁচামাল কেনার জন্য মোস্তফাপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলেন সরজ। অটোভ্যানটি ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বড় ব্রিজের ঢালে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সরজ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক বোরহান হাওলাদার। তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ধাক্কা দেয়া বাসটির কোনো তথ্য পায়নি পুলিশ।










