কুষ্টিয়ার কুমারখালীতে আশিক শেখ (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে দুই কলেজছাত্রীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোরালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আশিক একই এলাকার মো. সলেমান শেখ ওরফে সলের ছেলে।
হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দুই কলেজছাত্রী কোচিং সেন্টারে যাচ্ছিলেন। সে সময় বখাটে আশিক একটি ধারালো অস্ত্র (ছোট দা ) হাতে নিয়ে তাদের পেছন থেকে তাড়া করেন। দৌড়ে পালানোর সময় এক ছাত্রীর মাথায় আঘাত করেন। ওই ছাত্রী প্রতিরোধ করতে গেলে তার ডান হাতের কয়েকটি আঙুল কেটে যায়। তাকে উদ্ধার করতে গেলে পাশের জনকেও আঘাত করে ওই বখাটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত এক ছাত্রীর বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে হত্যা করার জন্য বখাটে আশিক হামলা করেছে। আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
ঘটনার পর অভিযুক্ত আশিক শেখ পালিয়ে যান। তার বাবা সলেমান বলেন, ‘আমার ছেলে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন বলেন, ‘আহত ছাত্রীর হাতের আঙুলে সাতটি সেলাই দেয়া হয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’










