মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটির ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআইডব্লিউটির ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো বোঝা যাচ্ছে না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিনটি ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয়েও এখনো কিছু বোঝা যাচ্ছে না।