পাথর কোয়ারি খুলে দেয়াসহ ছয় দফা দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে গতকাল সকাল থেকে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। ফলে বিভিন্ন পয়েন্টে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবশ্য দিনভর ভোগান্তির পর প্রশাসনের আশ্বাসে বিকালে কর্মসূচি স্থগিত করা হয়। জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম কর্মবিরতি আপাতত স্থগিতের ঘোষণা দেন।