বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমান সাহেবের যে দর্শন ছিল, সে দর্শন এগিয়ে নেয়ার ক্ষেত্রে সাইফুর রহমানের ভূমিকা ছিল অনেক বেশি। তিনি শুধু ব্যবসায়ী বা মার্কেট ইকোনোমি নিয়েই কাজ করেননি, তিনি দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের জন্যও কাজ করেছেন। তিনি দেশের সব মানুষের জন্য কাজ করেছেন। এটা করতে গিয়ে তিনি অনেক সময় ব্যবসায়ীদের হতাশ করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাইফুর রহমান সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক সময় প্রয়োজন। মূলত অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্য যখন ভঙ্গুর অবস্থায় চলে যায় তখন আমাদের একজন চ্যাম্পিয়নের দরকার হয়। যিনি চমক দেখিয়ে সেখান থেকে দেশকে এগিয়ে নেবেন। তিনি সে রকমই একজন চ্যাম্পিয়ন ছিলেন।

তিনি বলেন, সাইফুর রহমান শুধু অর্থনীতির বড় বড় বিষয়গুলো নিয়ে, ব্যবসায়ী সমাজ নিয়ে কাজ করেননি। তিনি দরিদ্র, খেটে খাওয়া মানুষের জন্যও কাজ করেছেন। তাদের কীভাবে আর্থিকভাবে ভালো রাখা যায়. কীভাবে একটা পর্যায়ে নিয়ে আসা যায় সেসব মাথায় রেখেই নীতি প্রণয়ন করতেন। আবার এটা করতে গিয়ে শুধু সামাজিক সুরক্ষা খাত নির্ভর করে ফেলেননি দরিদ্র মানুষদের। তাদের স্বাবলম্বী হওয়ার পথ উন্মুক্ত করেছেন।

আমীর খসরু বলেন, ‘ফুড ফর এডুকেশন’ সিস্টেমের মাধ্যমে সাইফুর রহমান নারীদের স্কুলমুখী করলেন। হতদরিদ্র মানুষের সন্তান যেন স্কুলে আসে সে ব্যবস্থা করলেন। দেশব্যাপী ঘরে ঘুরে শিক্ষা ছড়িয়ে পড়ল। যেটা আমাদের অনেক দ্রুত এগিয়ে যাবার পথ তৈরি করেছে। উনার দর্শনে অর্থনীতি যেমন ছিল, তেমনি সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ ছিল।

তিনি আরো বলেন, বাংলাদেশের বড় ধরনের সংস্কারের প্রয়োজন পড়ে উনার সময়, সে সময়ে যত কঠিন সিদ্ধান্ত নেয়ার তিনি তা নিয়েছেন। উনার সেই সক্ষমতা এবং ক্ষমতা দুটিই ছিল। এমনকি দল হিসেবে বিএনপি থেকে যে সংস্কারগুলোর কথা এখন আমরা বলি, সেগুলোও উনার চিন্তার একটা ফসল। আমরা অর্থনৈতিক যে সংস্কার আগামীতে করব। সেখানে আমরা সাইফুর রহমান এবং উনার চিন্তাকে সঙ্গে নিয়েই করব। উনার চিন্তাই এখানে কাজে লাগানো হবে।