ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত পাওয়া হালনাগাদের তথ্যানুযায়ী, দুই মিলিয়ে ১১ লাখ ৪৩ হাজারের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমের বিবরণ প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ ভোটার তাদের ভোটদান সম্পন্ন করেছেন। প্রবাসীদের দেয়া ভোটের মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪টি ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বাক্সে জমা পড়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।

অন্যদিকে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের জন্য ডাক বিভাগের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। অভ্যন্তরীণ ভোটারদের মধ্যে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। ভোটাররা ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট বুঝে পেয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। দূর-দূরান্তে থাকা ভোটাররা যেন সহজে তাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। সংগৃহীত এ ভোটগুলো নিয়ম অনুযায়ী মূল ফলাফল গণনার সঙ্গে যুক্ত করা হবে।