ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান।
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন। এর মধ্যে বরিশাল ৬ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে জামায়াত। এ আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফয়জুল করিমের সঙ্গে সৌজন্যের জন্য আমাদের প্রার্থীকে প্রত্যাহার করব। আমাদের সঙ্গে অনেকগুলা দল যোগাযোগ করছে। কিন্তু সিট দেয়ার তো কোনো উপায় নাই, যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। আমরা বলেছি সিট পাবেন না, আসতে পারলে আসেন। এরকমও অনেক দল আছে যারা আসতে চাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সঙ্গে ১১ দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এ ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিলে। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিকেল ইস্যুতে তারা আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি।
জামায়াতের নায়েবে আমির জানান, ইসলামী আন্দোলনের সম্মানে তাদের নায়েবে আমিরের আসনে কোনো ক্যান্ডিডেট না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ চরমোনাইর যিনি পীরসাহেব, আমির উনি নির্বাচন করতে চান। ওনাদের যে নায়েবে আমির আছেন ফয়জুল করীম সাহেব, আমরা তার সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরাতো জোটে ছিলাম, সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য।
ইসলামী দলগুলোর ভোটকে এক ছাতার নিচে আনার পরিকল্পনায় গত বছরের মে মাসে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এ নির্বাচনী ঐক্য গঠনের উদ্যোগ নেয়। সে সময় তাদের সঙ্গে পাঁচটি দল যোগ দেয়। পরে জামায়াতে ইসলামীও এ নির্বাচনী মোর্চায় অংশ নেয়। এরপর থেকে সিদ্ধান্ত গ্রহণ, আসন সমঝোতাসহ নানা কারণে ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। একপর্যায়ে এনসিপিসহ আরো পাঁচটি দল এ নির্বাচনী মোর্চায় যুক্ত হলে এটি ১১ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নেয়। কিন্তু আসন সমঝোতা নিয়ে মতবিরোধ থেকে জোটে না গিয়ে আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।















