গ্রাহকের বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে হিসাবরক্ষকে গালিগালাজ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে নগেশ্বরী উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার।

অভিযোগে বলা হয়, জাহিদুল ইসলাম জাহিদ প্রায়ই অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীসহ লাইনম্যানদের গালাগালি করতেন। নারী কর্মীকেও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে তার নামে থানায় অভিযোগ করেছেন এ কর্মকর্তা।

জাহিদ নাগেশ্বরী পৌর এলাকার বালাটারী গ্রামের ওমর আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে অফিসে ঢুকে জোনাল অফিসের হিসাবরক্ষক সৈয়দ রফিকুল ইসলামকে গালিগালাজ ও হুমকি দেন জাহিদ। পরে বিষয়টি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিমকে জানান। পরে ওইদিনই নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেন ডেপুটি জেনারেল ম্যানেজার নিজেই।

তবে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি একটা সুপারিশ নিয়ে গেছি। আমার সঙ্গে হিসাবরক্ষক খারাপ আচরণ করেছেন। ডেপুটি জিএমও খারাপ আচরণ করেছেন। এখন আমার বিরুদ্ধে ওনারা ষড়যন্ত্র করছে। আমাকে দালাল বলেছে। আমি নাকি দালালী করতে যাই। এ নিয়ে হিসাবরক্ষকের সঙ্গে তর্ক হয়েছে। উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন।

এদিকে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিমকে বলেন, জিডিতে যা পেয়েছেন সেটাই আমার বক্তব্য।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো।