এ পর্যন্ত ভিসা জটিলতায় পড়া ৯৮৫ বাংলাদেশীর তালিকা আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে।
দূতাবাস সূত্রে জানা গেছে, ৩ আগস্ট পর্যন্ত মোট ৯৮৫ জনের তথ্য কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে তালিকা প্রস্তুত ও পাঠানোর কার্যক্রম এখনো চলমান।
দূতাবাস জানিয়েছে, নোট ভার্বাল (কূটনৈতিক নোট) পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা বাতিল হওয়ার কারণ, পুনরায় ভিসা সক্রিয় করার প্রক্রিয়া ও বাংলাদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ব্যবসা, ব্যাংক হিসাব বা অন্যান্য সম্পদের বিষয়ে আমিরাত সরকার কী ধরনের সহায়তা দিতে পারে, এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে।
ভুক্তভোগীদের তথ্য সংগ্রহ ও তালিকা পাঠানোর কাজ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।
সম্প্রতি ছুটিতে বাংলাদেশে আসার পর অনেক প্রবাসী দেখতে পান, তাদের আমিরাতের আবাসিক ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারার আশঙ্কায় পড়েন তারা।










