গত দুই বছরে পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হওয়ায় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে কাঙ্ক্ষিত পরিমাণে ডিম ছাড়েনি কার্প জাতীয় মাছ (রুই, কাতলা, মৃগেল, কালবাউশ)। গত বছর মা-মাছ সামান্য পরিমাণে নমুনা ডিম ছাড়লেও পূর্ণাঙ্গ ডিম ছাড়েনি। এবারো মা-মাছের ডিম ছাড়া নিয়ে অনিশ্চয়তা। এতে চরম হতাশ স্থানীয় জেলে ও হালদা গবেষকরা।
গবেষকরা বলছেন, হালদা নদীর দূষণ প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকা, পাহাড়ি ঢল না হওয়া, হালদার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়াসহ নানা কারণে ডিম ছাড়তে পারেনি মা-মাছ। অন্যদিকে ডিম সংগ্রহ না হওয়ায় মাছের উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা গেছে বলে মনে করেন তারা। মূলত আবহাওয়াগত পরিবর্তন ও ওয়াসা কোনো পদক্ষেপ না নেয়ায় সংকট তৈরি হয়েছে।
২০২১ সালে হালদায় মা-মাছের ডিম ছাড়ার সময় ঘূর্ণিঝড় আম্পান ও নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ডিম কম ছাড়ে মা-মাছ। সে বছর মাত্র ৮ হাজার ৫০০ কেজি ডিম সংগ্রহ করেন জেলেরা। অন্যদিকে গত বছর পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না হওয়ায় নমুনা ডিম ছেড়ে পরে আর পূর্ণাঙ্গ ডিম ছড়েনি মা-মাছ। তবে প্রকৃতির সহায়তা না পেলে চলতি বছরও গত দুই বছরের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
হালদা নিয়ে প্রথম পিএইচডি গবেষক ড. মো. শফিকুল ইসলাম বণিক বার্তাকে জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমানে বৃষ্টিপাত নেই। ফলে হালদার জলজ পরিবেশে মা-মাছের ডিম ছাড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার যেমন পানির তাপমাত্রা, লবণাক্ততা, টিডিএস ও তড়িৎ পরিবাহিতার মান আদর্শ মানের চেয়ে অধিক, তাই হালদার জলজ বাস্তুতন্ত্র বর্তমানে কার্পজাতীয় মা-মাছের ডিম ছাড়ার অনুকূলে নেই। তবে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত হলে বিদ্যমান প্যারামিটারগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মনজুরুল কিবরীয়া বণিক বার্তাকে বলেন, ‘মূলত হালদায় মা-মাছের ডিম ছাড়ার প্রাকৃতিক পরিবেশ সব থেকে বেশি জরুরি। দু-তিন বছর ধরে আবহাওয়া অনুকূলে না থাকায় ও পাহাড়ি ঢল না থাকায় মা-মাছ নদীতে ডিম ছাড়তে পারেনি। মাছের প্রজননের পরিবেশ তৈরি না হলে মা-মাছ কোনোভাবেই ডিম ছাড়ে না। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়নি। তবে মা-মাছ ডিম ছাড়বে না, এমনটা নয়। সামনে আরো জো আছে। সামনের জো তে মা-মাছ অবশ্যই ডিম ছাড়বে।’










