মেহেরপুরের গাংনীর চৌগাছা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লিখন হোসেন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুর্ঘটনার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
নিহত লিখন পেশায় মাইক্রোবাস চালক। সে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে গাংনী-কাথুলী সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন লিখন। চৌগাছা বড় মসজিদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে (ব্যাটারি চালিত থ্রি হুইলার) সাইড দিতে গিয়ে সজোরে ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়েন লিখন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদুজ্জামান জানান, তার মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ চলছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, মরদেহ বাড়িতে পৌঁছলে সুরতহাল রিপোর্ট করা কবে। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশের একটি টিমকে দায়িত্ব দেয়া হয়েছে।










