ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে তর্কের ঘটনায় ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চাকরি থেকে অব্যাহতি দেয়ার এখতিয়ার আমাদের নেই। তদন্ত হলে বিভাগীয় মামলার পর চাকরিচ্যুত্যের বিষয়টি আমরা দেখবো। বর্তমানে ডা. ধনদেব বর্মনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।’
এর আগে সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসাবিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. মাঈন উদ্দিন খান বলেন, ‘পরিদর্শনে সেবার মান নিয়ে স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক এবং ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও কাম্য নয়।’










