ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীদের ছুরিকাঘাতে জায়েদুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত জায়েদুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১১ জনকে আসামি করে নিহতের মা নূরজাহান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পুলিশ রাতেই ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, জায়েদুল গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার সে নিজ বাসা দত্তপাড়া থেকে রিকশায় স্কুলে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে যাওয়ার পথে তার সহপাঠীরা মুখে কালো কাপড় পরে জায়েদুল ইসলামকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত করে। 

পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুই দফায় অপারেশন হয়। পরে রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে জাহেদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত জায়েদুলের পরিবার বলছে, আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সহপাঠীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। তাদের দাবি এ জের ধরে এ ঘটনা ঘটেছে। পরীক্ষার দুদিন আগে জাহেদুল তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানান। এতে সে পরীক্ষা দেয়া নিয়ে নিরাপত্তার আশঙ্কার কথা প্রধান শিক্ষককেও অবহিত করে।

জাহেদুলের অভিযোগের কথা স্বীকার করে প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপু বলেন, জাহেদুল তাকে এ বিষয়টি জানিয়েছিল। ব্যবস্থা নেওয়ার আগেই অঘটন ঘটে গেল।