অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘জনগণকে এত ভয় পান কেন? জনগণের কাছে যেতে আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিতে এত কষ্ট কেন? ক্ষমতার চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না। অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছে। আপনাদের ভালোবেসে এ দেশের মানুষ দায়িত্ব দিয়েছে। মনে রাখবেন জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টেকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন।’

দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হলরুমে গতকাল বিএনপির কর্মিসভায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি নেয়ার লক্ষ্যে হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এ সভা আয়োজন করে।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘জনগণের ক্ষমতা দ্রুত জনগণকে ফেরত দেয়ার সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। কী সংস্কার হবে, জনগণের শক্তির ওপর আস্থা রাখুন। বিদেশীদের আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন—এটি হবে না।’