পাবনার ঈশ্বরদীতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, মালবাহী ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টার। এছাড়া ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়।

বুধবার (২৭ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।

শাহ সূফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের কাছ থেকে লিখিত জবাব চাওয়া হবে।

তিনি  জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনা গভীরভাবে তদন্ত করতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।