আগামী সাত দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান। আজ রোববার (১৮ জুন) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এটা চালু করতে দুটি সমস্যা ছিল। একটা হলো— বোর্ডের সদস্য ছিল না। সেটা আমরা আজই করে ফেলেছি। ওই বোর্ডের একটা সভা হবে কাল (সোমবার)। সভার পরে লাইনগুলো চেক করতে দুই-চার দিন লাগবে। আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমাদের সময় দিয়েছেন, এটা আগামী সাত দিনের মধ্যে চালু করার চেষ্টা করবেন। আমরা সেখানে যাব, আপনাদেরও আমন্ত্রণ জানাব। 

তিনি বলেন, নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য ছাত্ররা রক্ত দিয়েছে। ছাত্রদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে।