জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের লক্ষ্যে পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেবে।

বুধবার (৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। মাননীয় অর্থ উপদেষ্টার অনুমোদনক্রমে গঠিত এ কমিটির সদস্যরা হলেন— মোহাম্মদ আব্দুল মজিদ, ড. নাসিরউদ্দীন আহমেদ, মো. দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, আমিনুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি রাজস্ব প্রশাসন সংস্কারের পরামর্শ, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক যোগাযোগ বৃদ্ধির জন্য সুপারিশ প্রদান করবে। এছাড়াও এনবিআরের আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর নীতিগত পরামর্শ প্রদান করবে।

কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন এনবিআরের সদস্য (বোর্ড প্রশাসন)। কমিটি দ্রুত তাদের কার্যক্রম শুরু করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।