নেত্রকোনার হাওরাঞ্চলের ফসল রক্ষাবাঁধ নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর বালই হাওরে
বছরের প্রথম বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবীবুর রহমানসহ স্থানীয় কৃষক।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, হাওর এলাকার কৃষকের একমাত্র বোরো ফসল রক্ষায় এ বছর আগে থেকেই পিআইসি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণকাজ শুরু হওয়ায় সঠিক সময়েই শেষ হবে বাঁধের কাজ।










