পটুয়াখালীতে র্যাবের গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে র্যাবের এক সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া মাদারীপুর, গাইবান্ধা, ফেনী ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরো চারজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
পটুয়াখালী: ধানসিঁড়ি পরিবহনের একটি বাস গতকাল সকালে কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। পথে ফুতল্লা এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াম নামে একটি শিশুকে মৃত ঘোষণা করেন। র্যাবের গাড়িচালক আবদুল আলীমকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আফরোজা নামে এক নারী নিহত হয়েছেন। পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজায়ানুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর: শিবচরে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল ভোরে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম শামীম আহমেদ (৩৫)।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধারের পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজু মিয়া নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ মহিলা দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। আহতরা হলেন সাদুল্যাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসাইন ও কামারপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফেনীর রামপুর পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মামুনুর রহমান (৪৬) ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার আবুল খায়েরের ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
চুয়াডাঙ্গা: বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল দুপুরে জাফরপুরে বিজিবি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান (২৪) চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গুরুতর আহত তুহিনকে (২২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাহদহ থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি বাসচাপায় ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মারা যান। আহত তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। ঘটনার পর চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও বাসটি থানা হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










