ঢাকার দোহারে ডায়া গজারিয়া-ডায়ারকুম এলাকায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সম্প্রতি নির্মিত পদ্মা বাইপাস সড়কের গার্ড ওয়াল ভেঙে সড়ক ধসে পড়েছে। তাছাড়া সড়ক সংযুক্ত দোহার করুণাময় খালের ওপর এলজিইডির নির্মিত সেতুর জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সুতারপাড়া, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নবাসীসহ স্থানীয়রা চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন। ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা।

স্থানীয়রা জানান, ঢাকা-দোহার-শ্রীনগর সড়কের মুকসুদপুর পদ্মা কলেজ থেকে সড়কটি শুরু হয়ে আল-আমীন বাজার হয়ে নিকড়া এলাকার জয়পাড়া-গালিমপুর-টিকরপুর সড়কে যুক্ত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে সড়কটির সংস্কারকাজ করা হয়। গত বর্ষা মৌসুমে পদ্মা নদীতে যুক্ত দোহার করুণাময় খালের স্রোতে সড়কটির এ অংশের গার্ড ওয়াল ভেঙে সড়ক ধসে যায়। এছাড়া ১৯৮৯ সালে দোহার করুণাময় খালের ওপর এলজিইডির নির্মিত সেতুটির অবস্থাও জরাজীর্ণ। সেতুর দুই পাশের রেলিংও ভেঙে গেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের মুন্সীগঞ্জ রেঞ্জের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী সৈয়দ আলম এ নিয়ে বলেন, বিষয়টি আমাদের জানা আছে। সড়ক ও সেতুর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ইতোমধ্যে বিকল্প স্থানে সেতু নির্মাণের নকশা প্রণয়ন করা হয়েছে। অর্থ বরাদ্দ পেলে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।