ফেনীর গোডাউন কোয়ার্টার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

অটোরিকশায় থাকা হাফিজুল ইসলামকে (৪২) ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মা ফাতেমাতুজ জোহরা (৬২) গুরুতর আহত হন। তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির হারেস আহম্মেদের ছেলে। ফাতেমাতুজ জোহরা হারেস আহম্মেদের স্ত্রী।

দুর্ঘটনায় আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।