সিলেটের দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আরো চারজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিলেট: জেলার ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল সকাল ৭টার দিকে সোয়ারাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের এম মজিবর রহমান (৫৫) ও সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বকুল রবিদাস (২৬)।
ওসমানীনগর থানার ওসি মো. মোরশেদুল হাসান ভুঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস দয়ামীর মাদ্রাসার সামনে এলে শ্যামলী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা আরেকটি বাসও দুর্ঘটনার কবলে পড়ে।
অন্যদিকে দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে মোটরসাইকেলের ধাক্কায় জুবায়ের আহমদ (৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে।
টাঙ্গাইল: বাসাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার আরফান খান (৭৫)। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বাসাইল থানার ওসি হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় বাসাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ: এনা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক ছিলেন। গতকাল সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায় এবং পিকআপটি দুমড়েমুচড়ে যায়।
জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, সকালে সুনামগঞ্জের ছাতক থানার বুরাইরগাঁও এলাকায় পিকআপ ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং চালক নিহত হন। এছাড়া পিকআপের সামনের সিটে থাকা অন্য এক আরোহী এবং এনা পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে বাসচাপায় শামীম ওসমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পালপাড়ার জহিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার আবুল হোসেনের ছেলে মাকসুদ (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।










