স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মহামারী নিয়ন্ত্রণে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা বিশ্বের কাছে আজ উদাহরণ। বাংলাদেশ বিশ্বাসীর কাছে “ভ্যাকসিন হিরো’’র দেশ হিসেবে খ্যাতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কার্যকরী উদ্যোগের ফলে করোনা মহামারী থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে। স্বাস্থ্যসেবা আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। বর্তমানে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার লক্ষ্য।’
গতকাল দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেদিন আর বেশি দূরে নয় যেদিন প্রত্যেক জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।
তিনি বলেন, দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে এরই মধ্যেই ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্স নতুনভাবে নিয়োগ দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে যেন বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যেই স্বাস্থ্য বিভাগ কাজ করছে।’
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, সহকারী পরিচালক নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী সকাল ১০টায় দিনাজপুর শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।










