রাজধানীর উত্তরায় মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এ ছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, নিহতদের রুহের মাগফেরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।