টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

গতকাল সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা চালান বলে অভিযোগ করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান।

তিনি বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মওলানা ভাসানীর সমাধিস্থলের  কাছাকাছি পৌঁছলে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

তিনি আরো অভিযোগ করেন, কয়েক দফায় দেশীয় অস্ত্র ও ইটপাটকেলসহ আমাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ৪০ মিনিট পর আমাদের নেতাদের পুলিশের গাড়িতে করে বের করে নেয়ার সময় ফের হামলা চালানো হয়।

এ ঘটনার পর থেকে ভাসানীর সমাধি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ নেতাকর্মীরা সংগঠিত হয়ে সমাধি এলাকায় অবস্থান নেন। এ সময় তারা কিবরিয়া ও নুরবিরোধী নানা স্লোগান দেন। এ বিষয়ে মাভাবিপ্রবির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল সাংবাদিকদের বলেন, ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম আমরা। নুর ও তার লোকজন শ্রদ্ধা নিবেদন শেষে সরকারবিরোধী বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাদের নিষেধ করা হলে তারা ছাত্রলীগের ওপর হামলা চালান।

হামলার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, গণঅধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর সমাধিস্থলের কাছাকাছি পৌঁছার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ড. কিবরিয়া ও নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলন করে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দেয়া হবে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।