ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহানারা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (২১ জুলাই) ভোরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাহানারা বেগম রাজবাড়ী সদরের দাদশী ইউনিয়নের আগমরী গ্রামের মো. ইউনুস শেখের স্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স সুলতা মন্ডল জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই জাহানার বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০২ জন। মোট আক্রান্ত হয়েছে ৫০৯ জন। এর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম একজন নারী রোগী মারা গেলেন।
তিনি আরো জানান, এছাড়া জেনারেল হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।










