নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তিনি মারা যান। আজ বুধবার দুপুরে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

মৃত শাহজালাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি জালকুড়ি পশ্চিমপাড়া ঝুটপট্টি এলাকার মো. পিন্টুর ঝুটের গোডাউনে কাজ করতেন।

ওসি বলেন, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় শাহজালাল আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান। এ ঘটনায় একটি ইউডি মামলা নেয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।