হবিগঞ্জের হাওর-বিলে শীতের আগেই আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। আর এসব পাখি শিকারে তৎপড় হয়ে উঠেছে শিকারীরা। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল অতিথি পাখিসহ ৪ শিকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯ (শ্রীমঙ্গল)। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের ছায়েদ মিয়া, সাজ্জাদ মিয়া, কাওছার মিয়া ও নজরুল ইসলাম। গতকাল দুপুরে র্যাব-৯ এর মেজর নোমান আহমেদ জাকি’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এই র্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার থেকে চার পাখি শিকারীকে আটক করা হয়। এসময় বক, বালি হাঁস, ওয়াকসহ বিপুল পরিমাণ অতিথি পাখিও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে আটককৃতদের উপজেলা প্রশাসনের কাছে নিয়ে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পরে পাখিগুলোকে উন্মুক্ত জায়গায় অবমুক্ত করা হয়। অতিথি পাখিদের রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










