সংবিধান সংস্কার কমিশনের প্রথম সভা গতকাল রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এবং মো. মাহফুজ আলম।
সভার শুরুতে আনা শোক প্রস্তাবে বলা হয়, ‘অন্তর্বর্তী সরকার কর্তৃক নিয়োগকৃত সংবিধান সংস্কার কমিশন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত এবং নির্যাতিতদের; স্মরণ করছে স্বাধীনতা-উত্তরকালে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের। গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনামলে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিহত-আহত-নির্যাতিতদের কমিশন স্মরণ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী পর্যায়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কমিশন তাদের আত্মদানকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করছে।‘
সভায় কমিশনের কর্ম পরিধি এবং কার্য পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। কমিশনের সঙ্গে যোগাযোগের জন্যে খুব শিগগিরই একটি ই-মেইল অ্যাকাউন্ট এবং দ্রুত একটি ওয়েবসাইট স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের পরবর্তী বৈঠক ঢাকায় কমিশনের কার্যালয়ে ২১ অক্টোবর অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে সংসদ ভবন এলাকায় কমিশনের জন্যে কার্যালয় স্থাপনের কাজ চলছে।










