নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ। নারী, শিশুসহ জঙ্গি থাকায় বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
গতকাল শুক্রবার (৭ জুন) রাতেই গোপন সূত্রে খবর পায় পুলিশ। আজ শনিবার
(৮ জুন) দুপুরে পুলিশের একটি বিশেষ টিম প্রাথমিক তল্লাশি চালায় এবং একটি ভারতীয় পিস্তল,
১৭ রাউন্ড গুলি এবং একটি ডামি একে-৪৭ রাইফেল উদ্ধার করে। তবে বাড়ির ভেতর বোমা থাকতে
পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোম ডিসপোজাল টিম এসে বিকাল সাড়ে ৫টার দিকে ভেতরে প্রবেশ
করেছে।
স্থানীয় লোকজন জানায়, বাড়িটিতে নারী
ও শিশু রয়েছে। পুরুষ জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বাড়ির মালিক
হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার
স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন বলে পুলিশ সুপার জানান।
দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। স্থানীয়
লোকজন বলেন, পুলিশ আসার খবর টের পেয়ে জঙ্গিরা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে।










