ময়মনসিংহের তারাকান্দায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের মা ও বাবাসহ তিনজন।রোববার (৩১ মার্চ) সকালে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, শেরপুরের শ্রীবর্দী উপজেলার চর শিমুলচরা গ্রামের মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫) ও তার ভাই আনাছ আহনাফ (৩)। এ ঘটনায় তাদের বাবা ও মা মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম আহত হয়েছেন।

 

দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি ঢাকা থেকে গোয়াতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই-বোন নিহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

পুলিশ জানায়, ঘাতক বাসটি আটকজ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।