সরকার পরিচালনায় অন্তর্বর্তী সরকারের ব্যক্তিগত এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা হলো দেশের স্বার্থ। আমরা চেষ্টা করছি করতে।

আজ সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৪ এ এসব কথা বলেন তিনি। 'বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়' শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে দৈনিক বণিক বার্তা।

সালেহউদ্দিন বলেন, আমাদের সিদ্ধান্তগুলো খুব দ্রুত হয়। সিদ্ধান্ত দ্রুত হওয়া মানে কিন্তু স্লিপশট ডিসিশন না। ভাবনা-চিন্তা করি, কিন্তু অতিদ্রুত সিদ্ধান্ত নিই।

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যান বললেন, খাদ্য দ্রব্যের দাম, শুল্ক কমানোর চেষ্টা করি। এসবের সিদ্ধান্ত নিতে আগে অনেক সময় লাগতো। কিছু রাজনৈতিক ইম্পেরেটিভ থাকে, সেটার জন্য করা সম্ভব হয় না।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই। আমরা যেটা স্বল্প সময়ে বা মধ্যবর্তী সময়ে রেখে যাবো, ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা যাতে তা বাস্তবায়ন করে। ফুটপ্রিন্ট যেটা রেখে যাবো, সেটাতে যাতে জনগণ সন্তুষ্ট হয়। তখন তারাই রাজনৈতিক সরকারকে প্রেশার দেবে, আপনারা এটা করছেন না কেন?

এসময় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।