এ বছর বাজারে আলুর দাম বেশি হওয়ায় আগাম আলু চাষ করছেন কুড়িগ্রামের কৃষকেরা। আগাম আমন ধান কেটে আলু বীজ বপন করছেন তারা। ৭০-৮০ দিনের মধ্যে আলু তুলে বাজারে বেশি দামে বিক্রির আশা তাদের। চলতি মৌসুমে সাত হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। গত বছর জেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। আগাম জাতের আলু চাষে কৃষকদের পরামর্শসহ বিভিন্ন সহযোগিতার কথাও জানিয়েছে কৃষি বিভাগ।
সরজমিন দেখা গেছে, আমন ধান কাটার পর পুরোদমে চলছে আলু বীজ বপন। বর্ষার শেষ সময়ে টানা বৃষ্টিপাতের ফলে আগাম আলু চাষে একটু বিলম্ব হয়েছে। তবে এখন তড়িঘড়ি করে আলু বপন করছেন কৃষকেরা। বাজারে আলুর ব্যাপক চাহিদা থাকায় অন্যান্য মৌসুমের চেয়ে এবার বেশি জমিতে আগাম আলুর চাষ করছেন তারা। কৃষকদের আশা নতুন আলু বাজারে ওঠানো পর্যন্ত দাম ভালো থাকলে লাভবান হতে পারবেন তারা।
রাজারহাট উপজেলার দুধখাওয়া গ্রামের মোহাম্মদ আলী মণ্ডল এটম জানান, গত বছরও আগাম আলু চাষ করে বেশি দামে বিক্রি করেছেন। তাই এবার প্রায় চার একর জমিতে আলু আবাদ করছেন তিনি। এ বছরও ভালো দাম পাওয়া যাবে বলে আশা তার।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কৃষক দুলাল হোসেন জানান, আগাম জাতের আলু চাষের জন্য আগাম আমন ধান রেপাণ করেছিলেন তিনি। ধান কেটে আলু বপন শুরু করেছেন। পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষ করা আলুও বপন করবেন। কেননা অন্যান্য বছরের তুলনায় এবার আলুতে লাভ বেশি হয়েছে।
রাজারহাট উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, কৃষকদের লাভবান করতে স্বল্পমেয়াদি আমন ধানের জমিতে আলু চাষের পরামর্শ দেয়া হয়েছে। এজন্য এবার আলুর আবাদ বেশি হবে। কেননা আগাম আলু বেশি দামে বিক্রির আশায় চাষে আগ্রহী হয়ে উঠেছেন এ অঞ্চলের কৃষকেরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, গত বছরের চেয়ে এবার বেশি আলু উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে।










